নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম
ব্যস্ত শহুরে জীবনের ফাঁকে হঠাৎ করেই যেন ফিরে পাওয়া গেল গ্রামের সেই চিরচেনা উষ্ণতা। আলাদা ঠিকানায় বসবাস করলেও একটাই পরিচয়—তারা দেবীপুর গোষ্ঠীর মানুষ। সেই পরিচয়ের টানেই এক ছাদের নিচে জড়ো হয়ে তারা জানালেন, ‘আমরা একতাবদ্ধ হয়েছি আমাদের নাড়ির টানে।’
বুধবার (১৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর গোষ্ঠীর উদ্যোগে শহরের আলাউদ্দিন চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন প্রায় দুই শতাধিক মানুষ। ইফতারের আগে গল্প, স্মৃতিচারণ আর খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে তৈরি হয় এক আন্তরিক পরিবেশ। কেউ বলছিলেন শৈশবের কথা, কেউবা স্মরণ করছিলেন গ্রামের পুরনো দিনগুলো।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা একবাক্যে বলেন, আমরা একতাবদ্ধ হয়েছি আমাদের নাড়ির টানে।’ তারা বলেন, সময়ের প্রয়োজনে মানুষ শহরমুখী হলেও শিকড় কখনো ছিন্ন হয় না। এই ধরনের আয়োজন সেই বন্ধনকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে তাদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানুষে মানুষে সম্পর্ক জোরদারেরও সময়। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বাড়ায়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ খায়রুল ইসলাম তার বক্তব্যে স্মৃতির আবেগ তুলে ধরে বলেন, গ্রামের মানুষ শহরে এলেও হৃদয়ের গভীরে গ্রাম বেঁচে থাকে। এই ধরনের মিলনমেলা সেই অনুভূতিকে জাগিয়ে তোলে এবং সবাইকে এক সুতোয় গেঁথে রাখে।
আয়োজনে অংশ নেওয়া অনেকেই জানান, বছরের ব্যস্ততার মধ্যে এমন একটি দিন তাদের জন্য বিশেষ হয়ে ওঠে। পরিচিত মুখগুলো একসঙ্গে দেখে, একসঙ্গে বসে ইফতার করার আনন্দ তাদের ভিন্ন এক তৃপ্তি দেয়। কেউ কেউ মনে করেন, এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং এটি একটি সামাজিক বন্ধন দৃঢ় করার প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন নাচোল কলেজের শিক্ষক আকবর আলী।
এএইচ/এএইচ