জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম
গাইবান্ধায় ঈদকে ঘিরে ব্যতিক্রম এক উদ্যোগে দুস্থদের জন্য বসানো হয়েছে ১ টাকা বাজার। এখানে প্রতি পরিবার ১ টাকায় পাচ্ছেন মুরগী-চালসহ ১৮ ধরণের নিত্যপণ্য। এতে ২৫০ পরিবার এ সুবিধা পেয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে গাইবান্ধা শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন আমাদের গাইবান্ধা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
দুস্থদের এই বাজারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছিন্নমুল মহিলা সমিতির প্রধান নির্বাহী মুরশিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক মুর্তজা বাণু, সাংবাদিক শাহাবুল শাহীন তোতাসহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজারের প্যাকেজে থাকছে একটি সোনালী মুরগিসহ চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, লবণ, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, মরিচ, লেবুসহ মোট ১৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এতে ২৫০ পরিবার এ সুবিধা পেয়েছে।
সংগঠনের সভাপতি সায়হাম রহমান বলেন, আমরা চাই ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। ১ টাকার বাজার মূলত একটি প্রতীকী উদ্যোগ- যাতে সহায়তা নেওয়া মানুষটি নিজেকে দানগ্রহীতা নয় বরং একজন ক্রেতা হিসেবে অনুভব করেন।
প্রতিনিধি/ এজে