জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডের পরিপন্থি কার্যকলাপের অভিযোগে দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি।
বুধবার (১৮ মার্চ) জেলা বিএনপির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন সাংগঠনিক পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে