images

সারাদেশ

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর এলাকার বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বারোকোনা এলাকায় সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পথচারী আব্দুল গণি সরকারকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ওই স্থানে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিব জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এজে