জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ০২:১১ পিএম
বান্দরবানে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে।
বুধবার (১৮ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।
তিনি বলেন, সাংগ্রাইং পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সামাজিক উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে আয়োজন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ এবং উদযাপন পরিষদের সদস্যদের সম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা সবার অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরও বলেন, বিগত বছরের মতো এবারও উৎসব সফল করতে সব শ্রেণি পেশার মানুষ, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন
উৎসব উপলক্ষ্যে প্রধান কর্মসূচিগুলো হলো- ৫ এপ্রিল থেকে সাংগ্রাইং ক্রিকেট টুর্নামেন্ট (প্রতিদিন বিকাল ৩টা, ঐতিহ্যবাহী রাজার মাঠ)। ১৩ এপ্রিল -বর্ণাঢ্য সাংগ্রাইং র্যালি (সকাল ৭টা, রাজার মাঠ থেকে শহর প্রদক্ষিণ, একই দিন সকাল ১০টা বয়োজ্যেষ্ঠ পূজা, কেএসআই অডিটোরিয়াম)। ১৪ এপ্রিল -বাংলা নববর্ষের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ। একই দিন সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজার মাঠে পিঠা তৈরি উৎসব। ১৫-১৬ এপ্রিল মৈত্রীময় পানি বর্ষণ, লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এর মধ্যে দিয়ে শেষ হবে সাংগ্রাইং উৎসব।
উদযাপন পরিষদের পক্ষ থেকে উৎসব সফল করতে সব শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মারমা, সাবেক কাউন্সিলার থুইসিং প্রু লুবু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনএজাকিরসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সর্ববৃহৎ সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়েঃ উৎসবের কর্মসূচি ঘোষণা করেন উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা।
প্রতিনিধি/এসএস