জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামে এক ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি মাটির ব্যবসা করতেন। এছাড়া তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, তার চাচা ইউসুফ খান শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটি কাটার সাইড দেখতে যান। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরে ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদি প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার মাটিভর্তি একটি ড্রাম ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। ওই ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের বাগবিতণ্ডা হয়। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দু্ল্লাহ আল মামুন জানান, ইউসুফ নিখোঁজের ঘটনায় আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তুপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
প্রতিনিধি/টিবি