images

সারাদেশ

১১ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০৮:২৫ এএম

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে ওই সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১১ দিন বুড়িমারী স্হল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি শেষে পুনরায় সচল হবে আমদানি রপ্তানি।

সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, টানা ১১ দিন ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

গত সোমবার (৯ মার্চ) ১১ দিন বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্হল শুল্ক স্টেশন(কাস্টমস)।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১১ দিন পর্যন্ত আমদানি- রপ্তানি বন্ধ রাখার চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে। তবে ইদের ছুটিতে সাময়িকভাবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও আগামী ২৮ মার্চ থেকে বন্দর আবারও তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর উপ কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর ও কাস্টমস হাউজের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। তবে আগামী ২৮ মার্চ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।

প্রতিনিধি/টিবি