জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ এএম
বিগত সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় ও লোক দেখানো প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৭ মার্চ) পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, জনস্বার্থ ও বাস্তব প্রয়োজন বিবেচনায় প্রকল্পগুলো যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে গণপরিবহণে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
/এএস