images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০৬:২০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় আশিক (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের পশ্চিম পাড়ার ইরা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালিহাতা এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা আশুগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে চাপা দেয়। এতে চালক আশিক ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/একেবি