জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ এএম
ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘মহানগর প্রভাতী’ ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক নারী যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেনটি কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় একটি পাথর এসে লাগে। চলন্ত অবস্থায় বাইরে থেকে পাথরটি ছোড়া হয়েছিল। তৎক্ষণাৎ ট্রেনের ভেতরেই আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যাত্রী কুমিল্লা স্টেশনে নেমে যাওয়ায় তার নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি। রেলপথ অরক্ষিত থাকায় এ ধরনের দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই পুলিশ কর্মকর্তা।
প্রতিনিধি/একেবি