images

সারাদেশ

খুলনায় মাংস কেনা নিয়ে বিরোধের জেরে চা দোকানি খুন

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৬, ১১:২৫ পিএম

খুলনার রূপসা উপজেলায় মাত্র ৫০০ টাকার মাংস কেনা নিয়ে বিরোধের জেরে দীন মোহাম্মদ ঢালী নামে এক চা দোকানি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রূপসা থানাধীন ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিএনপি অফিসের পাশে নিহতের নিজ দোকানে এ ঘটনা ঘটে। নিহত দীন মোহাম্মদ ভবানীপুর গ্রামের মৃত মীর কাশেম ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দীন মোহাম্মদ নিজের দোকানের ভেতরেই অবস্থান করছিলেন। একপর্যায়ে তাকে মাথায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি, মাত্র ৫০০ টাকার মাংস কেনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। 

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একেবি