images

সারাদেশ

রাতে যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জের মহাসড়কে নেই ভোগান্তি

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৬, ১১:০১ পিএম

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগসহ সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে দিনের চেয়ে সন্ধ্যার পর যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের আধিক্য থাকলেও কোথাও যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরছে মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। তবে পর্যাপ্ত পুলিশি তৎপরতা ও সুশৃঙ্খল যান চলাচলের কারণে কোথাও স্থবিরতা তৈরি হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, অন্যান্য দিনের তুলনায় ঈদযাত্রায় আজ সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেশি ছিল। তবে যানবাহনের সংখ্যা বাড়লেও কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই; প্রতিটি যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রায় গত কয়েক দিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বেশি। বিশেষ করে সন্ধ্যা ৭টার পর হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যায়। তবে রাত সাড়ে ৮টার পর থেকে চাপ কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/একেবি