জেলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের গুদাম মাঠ এলাকায় রেলওয়ের পরিত্যক্ত জমিতে একটি ছোট ঝুপড়ি ঘরে বসবাস করেন অসহায় লাকড়ি বিক্রেতা সরিনা খাতুন। দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিন আশপাশের এলাকা থেকে শুকনো লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করেই চলে তার অভাবের সংসার।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদার। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সরিনা খাতুনকে ঈদের উপহার হিসেবে একটি নতুন শাড়ি প্রদান করেছেন।
সরিনা খাতুনের সেই ঝুপড়ি ঘরে গিয়ে প্রবাসী বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে এই উপহার তুলে দেন সমাজসেবক আজমল আলী শিহাব ও বাবুল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বদরুল আলম তালুকদার। প্রবাসে থাকলেও নিজের জন্মভূমির মানুষের কথা তিনি ভুলে যাননি। বিভিন্ন সময়ে অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা সহায়তা এবং ঈদ-পার্বণে উপহার সামগ্রী বিতরণ করে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন।
ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত সরিনা খাতুন বলেন, ‘আমি খুব কষ্টে দিন কাটাই। ঈদের সময় নতুন কাপড় বা ভালো খাবারের ব্যবস্থা করা আমার জন্য অসম্ভব হয়ে পড়ে। এমন সময়ে বদরুল আলম তালুকদার আমাকে যে উপহার দিয়েছেন, তাতে আমি খুব খুশি। আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখেন।’
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, প্রবাসে থেকেও বদরুল আলম তালুকদার যেভাবে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছেন, তা সত্যিই অনুকরণীয়। সমাজের বিত্তবান ও প্রবাসীদের উচিত তার মতো করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
মানবিক কাজের অংশ হিসেবে ভবিষ্যতেও এলাকার দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদার। স্থানীয়রা আশা করছেন, তার এই মানবিক উদ্যোগ অন্যদেরও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে।
প্রতিনিধি/একেবি