জেলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম
নাটোরের লালপুরে পদ্মা নদীর ভাঙন রোধে এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে ১০ সদস্যবিশিষ্ট একটি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে নিজ বাসভবনে এই কমিটি ঘোষণা করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু।
নবগঠিত এই কমিটিতে মোজাম্মেল হককে সভাপতি এবং সাফাত আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রবি মন্ডল, শফিকুল ইসলাম, রবিউল খামারু, মোস্তফা, আসলাম আলী, নিজাম (ফতেপুর), পেন্টু, মোশাররফ, মজিদ (নওপাড়া), সামসুল (ফতেপুর), মেহেদী, আনারুল ইসলাম, সুমন আলী, মোহাম্মদ আলী ও মোস্তফা আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের পদ্মা নদীর অন্যতম বড় চরাঞ্চল হলো নওপাড়া ও পানসিপাড়ার নিম্নাঞ্চল। দীর্ঘদিন ধরে এখান থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকাটি তীব্র ভাঙন ঝুঁকির মুখে পড়েছে। গ্রামটিকে ভাঙন আতঙ্ক থেকে মুক্ত রাখতেই মূলত এই প্রাথমিক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি নেতা হামিদুর রহমান বাবু বলেন ‘আমি সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমার পরিচয় দিয়ে কেউ কোনো অপকর্ম করার সুযোগ পাবে না। পানসিপাড়াকে রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। এখান থেকে কাউকে এক ছটাক মাটি বা বালি অবৈধভাবে উত্তোলন করতে দেব না, আর আমি নিজেও এ ধরনের কাজে জড়াব না।’
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই এই জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিনিধি/একেবি