images

সারাদেশ

ফরিদপুরে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

দীর্ঘদিন পর জেল থেকে জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে মহসিন মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের বাড়ি জেলার ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে।

এদিকে, আহত মহসিন মোল্লার পরিবারে খবরটি পৌঁছালে ওই যুবকের ওপর হামলাকারীদের বসতবাড়িতে রাতেই হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে আহত মহসিন মোল্লার পরিবারের লোকজন। এ সময় হামলায় আহত হন বাড়িতে থাকা নারী পুরুষসহ ৫ জন।

জানা যায়, ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের রব মোল্লা ও বুলু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মাদক মামলায় দীর্ঘদিন ধরে জেল হাজতে ছিলেন রব মোল্লার সমর্থক মহসিন মোল্লা। সোমবার আদালত তাকে জামিন দিলে সন্ধ্যায় জেল হাজত থেকে বের হন মহসিন মোল্লা। এরপর নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ বুলু মোল্লার সমর্থকরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে, এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে তারাবির নামাজ পড়ে রব মোল্লার সমর্থকরা বুলু মোল্লার সমর্থকদের ৪টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি