জেলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহলদল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক সোয়া দুই লাখ টাকা।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির হবিগঞ্জের মাধবপুরের সাতছড়ি বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দুর্গম পাহাড়ি এলাকায় লেবু বাগান নামক স্থানে টহল পরিচালনা করছিল। এ সময় তার ভারত হতে মাদক পাচারকারীদের কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখতে পায়।
এ সময় বিজিবি টহলদল ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে বস্তায় মধ্যে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি