জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পিএম
দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ত্রাসের রাজত্ব করা আলোচিত চরমপন্থী নেতা নাসির শেখ গোফরান ও তার সহযোগী সোহেল রানা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন।
খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে যশোর ও খুলনা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সোমবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার গ্রেফতার দুজনের বিষয়ে বিস্তারিত জানান।
পুলিশ জানিয়েছে, গোফরান ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে যশোর, খুলনা ও নড়াইলজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজত্ব চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা। এর মধ্যে ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তার সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও রয়েছে অন্তত ৭টি মামলা।
তিনি জানান, গত ১ মার্চ গভীর রাতে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গোফরান বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নেয়।
এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে চক্রটি এবং তাদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের আটক করে। এ সময় গোফরানের কাছ থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল ও ল্যাপটপ এবং সোহেল রানার কাছ থেকে একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রতিনিধি/এমআর