images

সারাদেশ

ঝালকাঠিতে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যমুনা লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা চালককে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রতিনিধি/এমআর