জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সরকারি জায়গা দখল করে ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি। সড়ক ও জনপথ বিভাগের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে তা দখলমুক্ত করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’
প্রতিনিধি/একেবি