জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম
জাতীয় সংসদের হুইপ ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফাঁকা প্রতিশ্রুতি দেন না। তিনি এ দেশকে ভালোবাসেন, তাই তার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিই তিনি বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত করার লক্ষ্যে মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ থেকে চরমুগরিয়া এলাকার খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নিজের হাতে কোদাল ধরে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারা অনুসরণ করছেন। এখন মনে হচ্ছে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই প্রতিচ্ছবি। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ফলে মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে। ভোটের কালি শুকানোর আগেই মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে গেছে। আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো, এখন মায়েরা ফ্যামিলি কার্ড পাচ্ছেন। অচিরেই কৃষক কার্ড যারা পাবেন, তারা সত্যিই সৌভাগ্যবান।’
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, পুলিশ সুপার মো. এহতেশামুল হকসহ স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একেবি