জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম
বাগেরহাট জেলার ফকিরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সাতবাড়িয়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত “দেশব্যাপী নদী-নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সাতবাড়িয়া খাল পুনঃখনন শুধু একটি উন্নয়নমূলক কাজ নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, সরকার দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে কাজ করছে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং জলাবদ্ধতা কমে।
তিনি আরও বলেন, খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। এর ফলে এলাকার কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, খনন কাজ যেন সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে খালটি ভবিষ্যতে দখল ও দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
প্রতিনিধি/এসএস