জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে কারও ছাড় হবে না। সে যতই শক্তিশালী হোক না কেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আমাদের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে ছাড় হবে না। সে যত বড় শক্তিশালী হোক না কেন। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। কারও মুখ দেখাদেখি নেই, অন্যায় যে করবে, তাকেই আইনের আওতায় নিয়ে আসবেন। অন্যায়কারীদের কোনো স্থান হবে না।
সংসদের এই হুইপ আরও বলেন, নাটোরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল, মাদক চলবে না। বিএনপির নাম ভাঙিয়ে যারা পুকুর খনন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমি এ নাটোরকে উন্নয়নের একটি নাটোর গড়ে তুলব। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও শান্তির নাটোর গড়ে ইনশাল্লাহ। যে নাটোরে সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যে গ্যাস ১৮ বছর আগেই নাটোরে আসার কথা ছিল। আগামী এক মাসের মধ্যেই নাটোরে গ্যাসের লাইন নিয়ে আসব ইনশাল্লাহ।
নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. শাহজাহান, নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধন করেন।
প্রতিনিধি/এসএস