images

সারাদেশ

কুমিল্লায় কৃষি জমিতে পাওয়া মর্টার শেল সফলভাবে ধ্বংস

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষিজমিতে মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ টিমের সহযোগিতায় খোলা মাঠে নিরাপদে সেটি ধ্বংস করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নি.) মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। পরে ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকার একটি খালি জমির নিচু স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরোনো হলেও এখনও সক্রিয় অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় মজিদ চেয়ারম্যান বাড়ির সংলগ্ন কৃষিজমিতে মাটি কাটার সময় পাশের পূর্ব কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। পরে তিনি বিষয়টি চৌদ্দগ্রাম থানাকে অবহিত করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে এটি নিরাপদ স্থানে নিয়ে যায় এবং সেখানে ধ্বংস করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কায়সার হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় সফলভাবে এটি ধ্বংস করা হয়েছে।

প্রতিনিধি/এসএস