images

সারাদেশ

খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম

নেত্রকোনার খালিয়াজুরীতে মাদকের আসরে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩২) ওরফে ‌‘পিচ্চি মামুন’, একই গ্রামের মো. পুতুল মিয়ার ছেলে মো. তাহেনুর রহমান (৩২) ওরফে ‘মিজানুর রহমান’ এবং মৃত ইঞ্জিন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (৪৫)।

এরআগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনের অংশ হিসেবে পুলিশের একটি বিশেষ দল টহলে ছিল। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে মাদকের আসরে অভিযান চালায় পুলিশ। এসময় ১১ পিস ইয়াবাসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রাতে মেন্দিপুর ইউনিয়নে ওয়ারেন্ট তামিল অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও বিক্রির সময় এই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি