জেলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডাক্তারদের মানবিক হতে হবে এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। একজন ডাক্তারের ভালো আচরণে রোগী অর্ধেক সুস্থ বোধ করেন।
মন্ত্রী আরও যোগ করেন, দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে গড়ে তোলা হবে।
জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক, ড্যাব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, সিভিল সার্জন ডা. এ.কে.এম. মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
প্রতিনিধি/একেবি