images

সারাদেশ

সরিষাবাড়ীতে অপ্রাপ্তবয়স্কদের টিপসইয়ে ভিজিএফ চাল বিতরণ: নেপথ্যে কারা?

জেলা প্রতিনিধি

১৫ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই ছাড়াই অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে মাস্টার রোলে টিপসই নিয়ে চাল বিতরণ করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে শিশু-কিশোরদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এরপর একটি চক্র তাদের দিয়ে সরকারি মাস্টার রোলে টিপসই নিয়ে চাল বিতরণ করছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, ভিজিএফ কর্মসূচির চাল কেবল কার্ডধারী ব্যক্তি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যই গ্রহণ করতে পারবেন।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীল কর্মকর্তাদের তদারকির চরম অভাবে এ ধরনের কর্মকাণ্ড চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, ‘উপকারভোগীদের পরিবর্তে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে এই চাল কোথায় যাচ্ছে, তা নিয়ে আমরা সন্দিহান। এটি কোনো বড় ধরনের জালিয়াতির অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

আইনত অপ্রাপ্তবয়স্ক শিশুদের টিপসই বা স্বাক্ষরের প্রশাসনিক কোনো গ্রহণযোগ্যতা নেই। সরকারি বিধিমালা অনুযায়ী, এভাবে চাল বিতরণ করা সরাসরি দুর্নীতি ও অনিয়মের শামিল। প্রকৃত উপকারভোগীরা এই প্রক্রিয়ায় চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের জেলা প্রশাসক ইউসুফ আলী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে কর্মস্থলে না থাকায় সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তের পর নেপথ্যে থাকা অসাধু চক্রটি শনাক্ত হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

প্রতিনিধি/একেবি