জেলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম
সিরাজগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সিএনজিচালিত অটোরিকশাগুলোর শুমারি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ-কাজিপুর স্ট্যান্ডে এই শুমারি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আলী জোয়ারদার, সহ-সভাপতি মো. রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন, সড়ক সম্পাদক আসলাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মালিক গ্রুপের সিনিয়র চেইন মাস্টার জনিসহ নলকা ও কাজিপুর স্ট্যান্ডের দায়িত্বরত চেইন মাস্টাররা এ সময় উপস্থিত ছিলেন।
শুমারির উদ্দেশ্য সম্পর্কে সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান জানান, জেলায় সিএনজিচালিত অটোরিকশার সঠিক সংখ্যা নিরূপণ করা এবং রাস্তায় চলাচল ও ট্রাফিক আইন মানার ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক, পৌর প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পুলিশ সুপারের প্রতিনিধি ও ট্রাফিক ইন্সপেক্টরসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখা, স্থায়ী স্ট্যান্ড নির্ধারণ এবং অটোরিকশার সঠিক সংখ্যা নিরূপণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশে প্রথমবারের মতো মালিক গ্রুপের উদ্যোগে এই শুমারি শুরু হলো।
পর্যায়ক্রমে পুরো জেলায় এই শুমারি কার্যক্রম চলমান থাকবে। শুমারি চলাকালীন অটোরিকশার মালিকদের নিজ নিজ গাড়ির সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য মালিক গ্রুপের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধি/একেবি