জেলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
গাইবান্ধায় পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ‘গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা সহনশীল সবুজ অর্থনীতির জন্য তরুণদের উদ্ভাবন’ প্রকল্পের আওতায় একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার কামারজানিতে তরুণদের উদ্যোগে ‘লোকাল গ্রিন মার্কেট স্টলস অ্যান্ড প্রোডাক্ট সেলিং’ শীর্ষক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তরুণ উদ্যোক্তারা তাদের পরিবেশবান্ধব ও টেকসই পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।

এ কার্যক্রমের মূল লক্ষ্য স্থানীয় তরুণ উদ্যোক্তাদের পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে উৎসাহিত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, টেকসই জীবনধারা প্রচার করা এবং বন্যাপ্রবণ অঞ্চলে সবুজ অর্থনীতির ধারণা শক্তিশালী করা।
সবজি উদ্যোক্তা রুপালি রানী বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সহায়ক। এখানে আমরা আমাদের উৎপাদিত তাজা সবজি ও পরিবেশবান্ধব পণ্য সরাসরি মানুষের কাছে বিক্রি করার সুযোগ পেয়েছি।
তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য হলো তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে গাইবান্ধায় একটি পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতি গড়ে তোলা। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে কাজ করে আমরা সবুজ পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরির চেষ্টা করছি।
প্রতিনিধি/এসএস