জেলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম
কুমিল্লার দাউদকান্দিতে গ্রাইন্ডার মেশিনে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে দাউদকান্দি পৌরসভার তরকারি বাজার এলাকায় মনির মিয়ার হলুদ-মরিচ ভাঙানোর গ্রাইন্ডার মেশিনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনা আক্তার উপজেলার উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হলুদ ও মরিচ গুঁড়া করতে ওই গ্রাইন্ডার মেশিনে যান শাহিনা আক্তার। সে সময় দোকানের মালিক মনির মিয়া মেশিনে মসলা ভাঙানোর কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত শাহিনার মাথায় থাকা ওড়না ঘূর্ণায়মান মেশিনের বেল্টে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস