images

সারাদেশ

মাদারীপুরে গৃহবধূ সাথী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৫ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর থেকে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামের গোলাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ব্যাপারীর সঙ্গে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিনদিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ মার্চ গৃহবধূ সাথী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো অভিযুক্ত শ্বশুর গোলাম ব্যাপারী, শাশুড়ি পেয়ারি বেগম, ননদ শিলা আক্তার, রকিব মুনশি ও আরজু বেগমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

বৃদ্ধা মাকে নির্যাতনের দায়ে নোয়াখালীতে যুবককে প্রকাশ্যে শাস্তি

মানববন্ধনে বক্তব্য দেন- নিহত সাথী আক্তারের মা রুনা বেগম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি কামাল সরদার, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল হাওলাদার, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইম কাজীসহ অনেকেই।

9ebf8d01-65a6-4277-afe1-7cffbb13cab2

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, মামলার আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস