জেলা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া ও আহাকী এলাকায় গভীর গর্ত করে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার ওয়াজ আলীর ছেলে আবু হানিফ (৪৫)। তিনি একজন মাটি ব্যবসায়ী।
গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভুঁইয়া জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া ও আহাকী এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র কৃষি জমি ভরাট করছিল কিছু অসাধু মাটি ব্যবসায়ী। পরে সংবাদ পেয়ে শনিবার সকালে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আবু হানিফ নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ফসলি জমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। ফসলি জমির মাটি কাটা ও নষ্ট করার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস