images

সারাদেশ

কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কচাকাটা থানাধীন কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নং ১০১৫-এর ১৪/এস এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

হস্তান্তর করা যুবকের নাম আল হাসান (৩০)। তিনি মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের আব্দুল হালিম ফারাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ২২ কেদার বিওপি ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল এবং বিএসএফের ৮৯ রোস্তম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অরুন কুমার সিংহের নেতৃত্বে বিএসএফ সদস্যরা অংশ নেন। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ আল হাসান (৩০) নামের এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। 

জানা গেছে, আল হাসান গত বছরের ১৪ সেপ্টেম্বর দালালের মাধ্যমে চাকরির প্রলোভনে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়। সেখান থেকে আজ শুক্রবার বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, আল হাসান নামে একজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে ওই ব্যক্তির বাবা মাদারীপুর থেকে ছেলেকে নিতে আসলে আমরা তার জিম্মায় ছেড়ে দিয়েছি। 

প্রতিনিধি/ এজে