images

সারাদেশ

বারহাট্টায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় এ মামলা করেন।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর উপজেলার শাসনউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে একই গ্রামের প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নুর জামাল মিয়াকে (১৭) আসামি করা হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাসনউড়া গ্রামের নুর জামাল গত বছরের ১৫ ডিসেম্বর প্রতিবেশী ওই শিশুকে খেলার ছলে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে হুমকি ও ভয়ভীতি দেখায় নুর জামাল। বাড়ি ফেরার পর শিশুটির পেটে তীব্র ব্যথা অনুভব হলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা করানো হয়। দেড়মাস পর কাজের সন্ধানে শিশুটিকে নিয়ে তার বাবা-মা ঢাকা চলে যান। গত ৩ মার্চ ফের তার পেটে তীব্র ব্যথা ও বমি হয়। তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরিস্থিতি জটিল হয়ে যাওয়ায় অস্ত্রোপচার করে শিশুটির জরায়ু কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন

ধর্ষণের পর ৯ বছরের শিশুকে ঝুলিয়ে রাখার অভিযোগ

এ ঘটনায় দুপুরে বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, চিকিৎসকরা বলেছেন- মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে জীবন বাঁচাতে অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়েছে। টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল অনেকে। মামলা করেছি। আমার মেয়ের সর্বনাশকারীর যথাযথ বিচার চাই।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মেয়টিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস