images

সারাদেশ

লক্ষ্মীপুরে ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান থাকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণকালে বিষয়টি নজরে আসে স্থানীয় এলাকাবাসীর।

সরকারের পক্ষ থেকে চর কালকিনি ইউনিয়নের ৪ হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

এসব চাল বিতরণের সময় দেখা যায়, চালের বস্তাগুলোতে লেখা রয়েছে— ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

5aa17c08-2b28-4ff7-93ae-45294cc28532

রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের বস্তায় এমন স্লোগান দেখে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। চালের বস্তায় এ স্লোগান থাকায় বিতরণকাজে অংশ নেওয়া সরকারি তদারকি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

শৈলকুপায় ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

এ বিষয়ে উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান জানান, গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরোনো নাম বা স্লোগানগুলো রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা রয়েছে। এরপরও দু-একটা বস্তায় চোখের অগোচরে পূর্বের নাম থেকে যেতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

b1b2fb11-624e-47a5-80c6-be6d6fc1edf6

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খাদ্য কর্মকর্তা ও ওসি এসডির (OC-LSD) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিতর্ক এড়াতে বর্তমানে বিতরণ কেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস