images

সারাদেশ

মুন্সিগঞ্জে ২ লাখ বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি

১২ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ও রিকাবীবাজার মৎস্য আড়ত এলাকায় পৃথকভাবে এ-অভিযানে পরিচালনা করা হয়।

এ সময় অভিযান চলাকালে, গাড়িতে পরিবহনরত অবস্থায় ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল ও একটি কারেন্ট জাল উৎপাদনকারী কারখানা থেকে আনুমানিক ৬০ কেজিসহ আলাদাভাবে মোট ৩৬০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আয়তন হিসেবে ৩৬০ কেজি জাল প্রায় ২ লাখ বর্গমিটার বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদফতর। এছাড়া জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।

অভিযানে, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নির্দেশনায়, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আহসান হাবিব। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

পরে অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো প্রকাশ্যে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এর আগে, কারেন্ট জাল উৎপাদনকারী অভিযান চলাকালে এক কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে, কারখানাটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। তিনি জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে