images

সারাদেশ

হাতিয়ায় স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণ, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

উপজেলা প্রতিনিধি

১২ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক নারীকে (৩০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী স্বামী পরিত্যক্তা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সম্প্রতি তার পরিচিত এক ব্যক্তিকে বিয়ের জন্য পাত্র খুঁজে দিতে অনুরোধ করেন। ওই ব্যক্তি তাকে একটি মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। এরপর ওই ব্যক্তি বিয়ের কথা বলে তাকে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং তাকে এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়ার কথা বলে। বিয়ের প্রলোভনে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে ওই ব্যক্তির সাথে রওয়ানা হন। পথে তাকে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের টংঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুজনসহ মোট তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম সমির বলে পুলিশকে জানিয়েছেন, বাকি দুজনের নাম তিনি জানেন না।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে। ভিকটিমকে আজ সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

প্রতিনিধি/একেবি