জেলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে এর নিচে চাপা পড়ে ইরান শেখ (২১) নামে ট্রলি চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতী থানা এলাকার চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ট্রলি চালক ইরান শেখ বুধবার দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার জোকা গ্রাম থেকে ট্রলিটি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রলি চালক ইরান ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এজে