images

সারাদেশ

ঢাকা-রংপুর মহাসড়ক চারলেন: ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরবে উত্তরের মানুষ

জেলা প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম

ঢাকা-রংপুর মহাসড়কের চারলেন চালু হওয়ায় এবার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা নেই সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে। পাশাপাশি যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কগুলো চালু রয়েছে। এতে বিগত সময়ে এই সড়কে তীব্র যানজট দেখা গেলেও এবার ঘরমুখী যাত্রীদের জন্য ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এছাড়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, যানজট নজরদারিতে সিসি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার, ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর গাড়ি মহাসড়কে চলতে বাধা দেওয়া হবে। ফলে বিগত বছরের ঈদযাত্রার মতো অসহনীয় যানজট এবার দেখা যাবে না। তাই উত্তরের ঘরমুখী মানুষের ঈদযাত্রা এক দশকের মধ্যে এবারই হবে সবচেয়ে স্বস্তির।

6413b76f-f9a0-464f-b000-9e55cc428c0d

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু হয়ে প্রতিদিন উত্তরের ১৬টি ও দক্ষিণের পাঁচটি জেলার প্রায় ১৫ থেকে ১৬ হাজার যানবাহন পারাপার হয়। ঈদ আসলেই যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। এতে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তির শিকার হন ঘরমুখী মানুষজন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে ঈদযাত্রা করতে পারে সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এতে আশা করা হচ্ছে ঈদুল ফিতরে উত্তরের ঘরমুখী মানুষের ঈদযাত্রা আরামদায়ক ও স্বস্তির হবে।

দূরপাল্লার বাস চালক সোলায়মান শেখ, আলী কবির, হায়দার আলী ও সুপারভাইজার পারভেজ বলেন, মহাসড়ক এবার যানজটের তেমন আশঙ্কা নেই। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতির আশঙ্কা করা হচ্ছে এবং গাড়িতে ঢিল ছুঁড়ে অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনাও এর আগে ঘটেছে। সেজন্য আমরা একটু আতঙ্কের মধ্যে আছি। মহাসড়কজুড়ে পুলিশের বিশেষ টহল জোরদার অব্যাহত থাকলে এমন কোনো ঘটনা ঘটবে না বলে আশা করছি।

আরও পড়ুন

জাতীয় সংসদ অধিবেশন শুরু কাল, এড়িয়ে চলবেন যেসব সড়ক

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতরে উত্তরের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তিদায়ক। ঈদে একসঙ্গে সবার ছুটি এবং বাড়ি যাওয়ার কারণে সড়কে একটু চাপ থাকলেও কোনও যানজট থাকবে না। এজন্য জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। মহাসড়কে ভোগান্তি মুক্ত রাখছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ১০০ জন পুলিশ সদস্য কাজ শুরু করেছে। এছাড়াও মহাসড়কে ডাকাতি ও ছিনতাই যেন না হয় সেজন্যও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, ঈদ উপলক্ষ্যে সিরাজগঞ্জের মহাসড়কে ভোগান্তি বা যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা কথা বলেছি তারা কাজও শুরু করেছেন। ইতোমধ্যে আমরা সিরাজগঞ্জের মহাসড়কের যে সংস্কার কাজ সেটাও শেষ করা হয়েছে।

সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের চারলেনের কাজ শেষ হয়েছে। বর্তমানে মহাসড়কের চারলেনই চালু রয়েছে। পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল করছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায়-দফায় বৈঠক করেছি। ফলে এবার যানজট বা ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

b89344b2-bcd1-47f2-86b4-8af943f2fd11

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়ক যানজটমুক্ত রাখতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। মহাসড়কে যেন ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর গাড়ি না চলে সেজন্য জেলা শ্রমিক নেতাদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। মহাসড়কের কোথাও যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না। আমাদের জেলা পুলিশে প্রায় ১ হাজার ৬০০ পুলিশ সদস্য রয়েছেন। ঈদ উপলক্ষ্যে কেউ অসুস্থ না হলে আমিসহ সবাই মহাসড়কে ভোগান্তি মুক্ত রাখতে কাজ করবেন। আশা করি সব মিলে এ বছর উত্তরের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তিদায়ক।

প্রতিনিধি/এসএস