images

সারাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আঞ্চলিক মহাসড়কের পাশের ধানখেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার খৈরাটি গ্রামের ধানখেত থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সড়কের পাশের ধানখেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয় ইজিবাইকচালক হালিম মিয়া নবজাতককে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর তিনি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নবজাতকটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

নবজাতকটিকে প্রথম উদ্ধারকারী হালিম মিয়া বলেন, ‘ধানখেতে পড়ে থাকা অবস্থায় শিশুটি কাঁদছিল। এক পথচারীর কাছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। পরে নবজাতককে পরিষ্কার কাপড় পরিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করি।’

স্থানীয় বাসিন্দা আবু হুযাইফা বলেন, ‘সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে হাসপাতালে পাঠান। খোঁজ নিয়ে জেনেছি, নবজাতকটি এখন সুস্থ আছে। আমরা চাই, শিশুটিকে এমন কোনো নিরাপদ আশ্রয়ে দেওয়া হোক, যেখানে সে বড় হয়ে আলোকিত মানুষ হতে পারবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা সনজিৎ মোদক জানান, হাসপাতালে আনার পর নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। চিকিৎসকদের ধারণা, উদ্ধারের তিন থেকে চার ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে।

উদ্ধারের পর নবজাতকটিকে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি জানান, নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও ওষুধের ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিশুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি