images

সারাদেশ

গাজীপুরে মোবাইল ও এক্সেসরিজ দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম

গাজীপুরের কোনাবাড়ীতে একটি মোবাইল ও মোবাইল এক্সেসরিজের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মোবাইল ফোন, এক্সেসরিজ ও আসবাবপত্র পুড়ে গেছে।

বুধবার (১১ মার্চ) ভোরে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত শাম্মী টেলিকম নামে একটি মোবাইল ও এক্সেসরিজের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দোকান মালিক মো. শাহজাহান স্বপন দাবি করেন, দোকানের মোবাইল, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি