জেলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের প্রধান কিছু বিমানবন্দরের কার্যক্রম সীমিত থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) একদিনেই বিমানবন্দরের চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আশার কথা হলো, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে উড়োজাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ডগুলো এখনো সীমিত পরিসরে সচল রয়েছে। এর ফলে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ইনবাউন্ড (এরাইভাল) ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা আরো তিনটি ফ্লাইট (১টি এরাইভাল ও ২টিকে ডিপার্চার) বাতিল করতে হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইট বাতিলের এই ধারা গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মঙ্গলবারের চারটিসহ গত ১১ দিনে শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।
তবে সংকটের মধ্যেও মঙ্গলবার বিমানবন্দরের কার্যক্রম একেবারে স্থবির ছিল না। এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য অভিমুখী ও সেখান থেকে আসা মোট ৭টি এরাইভাল ও ৬টি ডিপার্চার ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতির আরও উন্নতি হলে দ্রুতই পূর্ণাঙ্গ শিডিউলে ফেরার আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রতিনিধি/টিবি