জেলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে হবিগঞ্জের মাধবপুরের রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদ পায়। সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রামনগর নামক এলাকায় পাচারকারীরা মাদক নিয়ে এসে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। রাজেন্দ্রপুর বিজিবি টহলদল তল্লাশি করে জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ৫টি গরু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে। পরবর্তীতে গুইবিল বিওপির টহলদল অভিযান পরিচালনা করে গরুগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করে। জব্দ করা মাদকদ্রব্য এবং গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি