জেলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ০৭:১৪ এএম
চরফ্যাশন উপজেলায় এক প্রশাসনিক জটিলতার কারণে জীবিত একজন মানুষকে সরকারি তথ্যভাণ্ডারে মৃত হিসেবে দেখানো হয়েছে, যা তাকে চরম ভোগান্তিতে ফেলেছে। জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য থাকার কারণে তিনি প্রয়োজনীয় অনেক কাজ করতে পারছেন না। পাচ্ছেন না নাগরিক সেবা।
ভুক্তভোগী মো. ইসমাইল (৩৭) ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আলী হোসেনের ছেলে।
ইসমাইল জানান, চার মাস আগে তিনি চরফ্যাশন সদরের একটি দোকানে সিম কার্ড কিনতে যান। সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দোকানদার তাকে জানান, তার আঙুলের ছাপের সঙ্গে এনআইডির তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানার জন্য ইসমাইল উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এমন তথ্য শুনে ইসমাইল হতবাক হয়ে পড়েন। পরে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গত প্রায় দুই মাস ধরে ইসমাইল উপজেলা নির্বাচন কার্যালয়ে বারবার যোগাযোগ করেছেন। তবে এখনো স্থায়ী সমাধান পাননি।
ইসমাইল বলেন, এই ভুলের কারণে আমি নানা সমস্যার মুখে পড়েছি। সিম কার্ড কেনাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারছি না। জীবিত থেকেও কাগজে-কলমে মৃত হিসেবে দেখানো হওয়ায় আমি দ্রুত সমস্যার সমাধান চাই।
আরও পড়ুন
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনের মাধ্যমে সংশোধনের জন্য পাঠানো হয়েছে। অনলাইন থেকে অনুমোদন পাওয়া গেলে তাকে আবার জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।
প্রতিনিধি/টিবি