images

সারাদেশ

লঞ্চে ধর্ষণ: হাতিয়ায় এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের মারামারি

উপজেলা প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ১২:১৩ এএম

ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের পাল্টাপাল্টি মিছিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছয় জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এই মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষকদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি মিছিল বের করে উপজেলার হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের দিকে যায়। তার উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে জড়ো হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। আহতদের মধ্যে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরবও আছেন।

ইটের আঘাতে আহত হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক, শাখাওয়াত হোসেন হিরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

গত ৮ ফেব্রুয়ারি হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চে ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে। সোমবার (৯ মার্চ) ভিকটিমের ভাই বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে।

ধর্ষণে অভিযুক্তরা হলেন- হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের মোহাম্মদ সাকিব উদ্দিন এবং একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোটখালী গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মিঠু।

প্রতিনিধি/এমআর