জেলা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় কেন্দুয়া-আঠারবাড়িগামী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কবির (৩৪), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. সোহাগ মিয়া (২৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ইসুলিয়া গ্রামের মো. রিপন মিয়া (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে কেন্দুয়া উপজেলার পেরীর মোড় এলাকায় অভিযান চালায় সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। সড়কে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজির পেছনে ইঞ্জিনের পাশে কৌশলে লুকানো ৩০ কেজি গাঁজা পাওয়ার পর ওই চারজনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। এসব গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, আগামীকাল বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এজে