images

সারাদেশ

এইচএসসির ফরম পূরণ করতে গিয়ে জানলেন আগেই পাস করেছেন তিনি

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে মিলল পাশের সনদপত্র। গত বছর পাশের খবর সঠিকভাবে জানতে না পারায় তৌহিদ মিয়া নামে এক শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে নিচ্ছিলেন পুনরায় পরীক্ষার প্রস্তুতি।

এক বছর পর যখন আবার পরীক্ষার ফরম পূরণ করতে কলেজে গেলেন, তখনই ঘটল সেই বিস্ময়কর ঘটনা। অবিশ্বাস্য ও আনন্দদায়ক এ ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার মুশুলী ডিগ্রি কলেজে। শিক্ষার্থী তৌহিদ মিয়া ওই কলেজেরই বিএম শাখার ছাত্র।

 গত রোববার দুপুরে কলেজে ফরম পূরণ করতে গিয়ে তিনি নিজের পাশের খবর জানতে পারেন।

জানা গেছে, গত বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনলাইনে তথ্য যাচাই করতে গিয়ে তৌহিদ দেখতে পান তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিষয়টি তার পরিবার ও আত্মীয়স্বজন সবাই জানতেন। এরপর দমে না গিয়ে গত এক বছর ধরে ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য তিনি পড়াশোনা চালিয়ে যান; কিন্তু এ বছর পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে কলেজে যান তৌহিদ।

সেখানে অফিস সহকারী হেলাল উদ্দিন যখন তার তথ্য যাচাই করছিলেন, তখন হঠাৎ করেই তৌহিদের আগের বছরের মূল সার্টিফিকেটটি তার হাতে পড়ে।

দেখা যায়, তৌহিদ আসলে সব বিষয়েই কৃতকার্য হয়েছেন এবং তার নামে পাশের মূল সার্টিফিকেট ইস্যু হয়ে কলেজে এসে পড়ে আছে।

দীর্ঘ এক বছরের অপেক্ষার পর পাশের খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তৌহিদ মিয়া। তিনি বলেন, অনলাইনে রেজাল্ট দেখে ভেবেছিলাম আমি ফেল করেছি। সেই কষ্ট নিয়ে এক বছর পড়াশোনা করেছি। ফরম পূরণ করতে এসে যখন শুনলাম আমি পাশ করেছি এবং আমার সার্টিফিকেট চলে এসেছে, তখন নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমি অনেক খুশি।

মুশুলী ডিগ্রি কলেজের অফিস সহকারী হেলাল মিয়া বলেন, তৌহিদ ফরম পূরণ করতে এলে আমি প্রয়োজনীয় কাগজপত্র খুঁজতে গিয়ে অবাক হয়ে দেখি তার পাশের মূল সার্টিফিকেট আগেই চলে এসেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি তাকে জানানো হয়।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক বলেন, তৌহিদ আমাদের কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। সে ফরম পূরণ করতে এসে জানতে পারে গত বছরই পাশ করেছে। এমন ঘটনায় শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরাও অত্যন্ত আনন্দিত। সম্ভবত অনলাইন রেজাল্ট দেখায় কোনো ভুল হয়েছিল, যার কারণে এ বিভ্রান্তি তৈরি হয়েছিল।

প্রতিনিধি/একেবি