images

সারাদেশ

জরিমানা করা দোকান থেকে মিষ্টি কেনা নিয়ে বিতর্ক, যা বললেন ইউএনও

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের অভিযোগে যে মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে, সেই একই দোকান থেকে বিকেলেই দই কিনেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৯ মার্চ) ফরিদপুরের মধুখালীতে এ ঘটনা ঘটে। সরকারি দফতরের এমন কর্মকাণ্ডে এলাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, তেলে ময়লা এবং মিষ্টির সিরা পুরোনো ও মানহীন পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, একই দিন সন্ধ্যায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে জরিমানা করা সেই দোকান থেকেই ইফতারের জন্য দই কেনা হয়। পরে প্রশাসনের ইফতার মাহফিলে ওই দই পরিবেশন করা হলে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, ‘আমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। তবে ইফতারের বিষয়টি সম্পূর্ণ উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের ব্যাপার।’

মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুকুমার ঘোষ বলেন, ‘আমি সে সময় কারখানায় ছিলাম না। শুনেছি অভিযান চালানো হয়েছে। তবে বিকেলে উপজেলা প্রশাসন থেকে প্রতিনিধি এসে ১৩৫ কাপ দই নিয়ে গেছে এবং তার দামও পরিশোধ করেছে।’

জরিমানা করা দোকান থেকে ইফতারের খাবার কেনার বিষয়ে জানতে চাইলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভোক্তাদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালাব। তবে ইফতার মাহফিলের জন্য খাবারের অর্ডার তিন দিন আগেই দেওয়া ছিল। যেহেতু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানটিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে, তাই ওই দোকানের খাবার কেনা বা খাওয়ার মধ্যে আপাতত কোনো সমস্যা থাকার কথা নয়।’

পুরো বিষয়টি নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘দুপুরে জরিমানা করার পর বিকেলেই সেই দোকান থেকে ইফতারের জন্য দই নেওয়ার বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’

প্রতিনিধি/একেবি