জেলা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১০ মার্চ) নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সমাজে মাদক বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। সাদা পাতা, জর্দা, গুল বা সিগারেটের মতো ক্ষতিকর অভ্যাস থেকেও বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, মাদককে অবশ্যই ‘না’ বলতে হবে। সমাজের কোনো স্তরেই মাদকের সম্পৃক্ততা থাকতে দেওয়া যাবে না। মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই সবাইকে সচেতন হতে হবে।
পরিবেশ রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই গাছ কাটতে দেওয়া যাবে না। গাছ কেটে ফেললে এলাকায় বৃষ্টিপাত কমে যাবে। বৃষ্টি না হলে ধুলাবালি বাড়বে এবং একসময় সেই এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থানায় একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, আপনারা খুবই ভাগ্যবান জেলার মানুষ, কারণ প্রধানমন্ত্রীর নানির বাড়ি এখানেই।
প্রতিনিধি/এজে