images

সারাদেশ

বরিশালে ট্রাকের চাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম

বরিশাল নগরের সিএন্ডবি রোড এলাকায় ট্রাকের চাপায় ফেরদৌসী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিএন্ডবি রোডের ১ নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় রিকশাচালক আউয়াল (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ফেরদৌসি বেগম ১ নং সিএন্ডবি পোলের বাগানবাড়ির বাসিন্দা। আর রিকশা চালক আউয়াল নলছিটির পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মালেক সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।

​প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বাজার শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে ১ নম্বর পোল এলাকায় রাস্তা পার হয়ে রিকশায় উঠছিলেন ফেরদৌসী বেগম। এসময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ও রিকশাটিকে চাপা দিয়ে গায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ফেরদৌসী বেগম ও চালক দুজনেই গুরুতর জখম হন।

​স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহত ওই নারীর লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত ট্রাক চালককে ধরতে অভিযান চলছে।

প্রতিনিধি/ এজে