জেলা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৬, ০৬:১৫ এএম
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যা সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যু তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
প্রতিনিধি/এসটি